অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ক্ষুদ্রঋণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বেসরকারি সাহায্য সংস্থা এমিনেন্স আয়োজিত ‘বাংলাদেশ সামিট অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণের ধারনা এ দেশে খুব বেশি দিনের পুরোনো নয়। বিশ্বের অন্যান্য দেশে এই ধারনা অনেক পুরোনো। ক্ষুদ্র ঋণ জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে সাধারণ মানুষ এক সময় মনে করত শুধুমাত্র ক্ষুদ্র ঋণ মানব উন্নয়ন করতে পারে। যা একটি পুরোনো ধারনা।
অর্থমন্ত্রী আরও বলেন, টেকইস উন্নয়ন ১৯৮৪ সালের ধারনা। তারপরেও এটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম এই সম্পদের অভাববোধ না করে’ এমন চিন্তাধারা থেকে টেকসই উন্নয়ন আলোচনা উঠে আসে।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অর্জনে কাজ করার অঙ্গীকার করেন অর্থমন্ত্রী। আর টেকসই উন্নয়ন বাস্তবায়নে এমিনেন্সের ‘মিশন ফর ১০০ ইয়ারস’ কে মেনে নিতে পারেননি তিনি। ভালোভাবে কাজ করলে এতো সময় লাগার বিপক্ষে তিনি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





