পিরোজপুরের নাজিরপুরে ডালা বা ঝাপি খোলা রেখে যাত্রীবাহী বাস চালানোর সময় তাতে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

গতকাল (০৮ ফেব্রুয়ারি) শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাতিলাখালী এলাকায় পিরোজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ খান (৫০) উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের মৃত ছোট্ট খানের পুত্র। তিনি উপজেলার টেকনিক্যাল কলেজের বিপরীতে ইব্রাহিম খানের নির্মাণাধীন একটি ভবনের নৈশপ্রহরী ছিলেন। 

দুর্ঘটনায় গুরুতর আহত জয়দেব রায়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাসটি মালামাল রাখার ঝাঁপি খোলা অবস্থায় পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে চিথলিয়া শিকদার বাড়ি ব্রিজের কাছে বাসের জন্য দাঁড়িয়ে থাকা জয়দেব রায় পিঠে ওই বাসটির খোলা ঝাঁপির আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় পুলিশ বাসের চালক মো. মাছুদুল ইসলাম (৩০) ও হেল্পার মো. রাহুল মোল্লাকে (১৫) আটক করেছে। আটক বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে।