সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর জেসমিন ওরফে প্রিয়াংকার (২৮) গ্রামের বাড়ি নাটোর জেলায়। ঘটনার পর থেকে তার স্বামী আলমগীর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত জেসমিন ও তার স্বামী তৈরি পোশাক কারখানার শ্রমিক। চারমাস আগে প্রবাসী আ. জব্বারের বাড়ির নীচ তলার ফ্ল্যাটটি ভাড়া নেয় তারা।

বাড়ির মালিক ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে ভাড়াটিয়ারা গ্রামের বাড়িতে চলে যান। অন্যসব ফ্ল্যাটের মতোই আলমগীরের ফ্লাটটিও বাইরে থেকে তালাবদ্ধ ছিলো।

বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। আশপাশের বাড়ির লোকজন ফ্ল্যাটের জানালা দিয়ে উঁকি দিয়ে প্রিয়াংকার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে নিহত গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার পরির্দশক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, বেশ কয়েকদিন আগেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। লাশে পঁচন ধরেছে। বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
জেইউ