সামনের ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

ইভিএমের ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী জানান, ইভিএমে কোনো সমস্যা হলে সাথে সাথে ভোট বন্ধ হয়ে যাবে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুই সিটির ভোটে প্রয়োজনের অতিরিক্ত ইভিএম প্রস্তুত রাখার কথা জানিয়ে ইসি কমিশনার শাহাদাত বলেন, ‘৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটে স্বচ্ছতা থাকবে, কোনো সমস্যা হবে না। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রার্থীরা যাতে সন্তুষ্ট থাকেন, সে ব্যাপারে আমাদের সচেষ্ট পদক্ষেপ থাকবে।

প্রত্যেক কেন্দ্রের ইভিএমের টেকনিক্যাল সাপোর্টের জন্য দুইজন করে সেনা সদস্য থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ইভিএমে ভোটগ্রহণে অস্বচ্ছতার কিছু নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

এএস