আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।”
উল্লেখ্য, গত ০১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনাভাইরাস আক্রান্ত অবস্থায় মোহাম্মদ নাসিম ০৫ জুন ভোরে স্ট্রোক করেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এরপর ১৩ জুন বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।
সিরাজগঞ্জ-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ছিলেন তিনি।
এমবি





