দুর্নীতি দমন কমিশনকে আরো গতিশীল ও অভিজ্ঞতা অর্জনে ভারতের ক্রিমিনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) সঙ্গে বৈঠক করবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এজন্য দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বাধীন চার সদস্যের একটি টিম আগামী ১৩ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছে। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
টিমের অন্যান্য সদস্য হলেন- দুদকের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম এইচ সালাহউদ্দিন, দুদক চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবুল কাশেম ও কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
বৈঠকে ভারতের দুর্নীতি প্রতিরোধে আইন ও সিবিআই এর বিভিন্ন কর্ম কৌশলের সঙ্গে দুদক আইন ও এর অনুসন্ধান-তদন্তের তুলনামূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
সফরে দুদক টিম সিবিআই কর্মকর্তাদের সঙ্গে মোট তিনবার বৈঠক করবেন। দুদককে আরও গতিশীল করতে এ বৈঠক কাজে আসবে বলে সূত্র জানিয়েছে।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘ভারত সফরের মূল উদ্দেশ্য পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করা। এ থেকে উভয় দেশই উপকৃত হবে। আমাদেরও নতুন অভিজ্ঞতা হবে।’
দুদক টিম আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে রওনা হবে। ১৪ সেপ্টেম্বর সিবিআই মহাপরিচালকের সঙ্গে দুদক টিমের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে সিবিআই হেড অফিস ও একাডেমিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরেকটি বৈঠক হবে।
এ সব বৈঠকে সিবিআই ও দুদকের অনুসন্ধান ও তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর ১৭ সেপ্টেম্বর কলকাতায় সিবিআই কর্মকর্তাদের সঙ্গে আরেকটি বৈঠক হবে।
বৈঠকে ভারতের আইন ও দুদক আইনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। ১৮ সেপ্টেম্বর দুদকের প্রতিনিধি দলের সদস্যরা দেশে ফিরবেন।
এমকে





