আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণায় বিএনপি প্রার্থীদের মোকাবেলায় আমাদের ক্লীন ইমেজের দুই মেয়র প্রার্থী যথেষ্ট।

তিনি বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী আচরণ বিধি লংঘন করেনি। আচরণ বিধি মেনেই প্রচারণা চালাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কী উদ্দেশ্য হাসিল করতে চান? এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু নির্দেশনা ছিল সেই নির্দেশনাগুলো বৈঠকে নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।

এমআর