ইরাকে আব্দুল্লাহসহ তিন বাংলাদেশিকে জিম্মি ও অর্থ আদায়ের অভিযোগে জিম্মিকারীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতাররা হলেন- আবুল হোসেন (৫৫) ও সানিয়া আক্তার (২৫)। শুক্রবার গাজীপুরের শ্রীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, গাজীপুরের বাসিন্দা আব্দুল্লাহ দীর্ঘদিন থেকে ইরাকে থাকেন। সেখানে আবুল হোসেন তার ছেলে নাসিরসহ কয়েকজনের সহযোগিতায় আব্দুল্লাহসহ তিনজনকে জিম্মি করে। পরে দুইজনের কাছে টাকাও আদায় করে তারা।

তিনি বলেন, তবে আব্দুল্লাহর পরিবারের কাছে ৬ লাখ টাকা দাবি করা হলে তারা র‌্যাবের শরণাপন্ন হন। র‌্যাবের পরামর্শে টাকা নেয়ার জন্য গাজীপুর শ্রীপুরের নায়রাণপুরে আসতে বলা হয় জিম্মিকারীদের। টাকা নিতে আসলে গ্রেফতার হয় আবুল হোসেন ও সানিয়া আক্তার।

তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, তাদের গ্রেফতারের পর ইরাকে জিম্মি আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছে জিম্মিকারীরা। গ্রেফতার দু`জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএনজে