বিএনপি জামায়াত সারাদেশে সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর একের পর এক হামলা চালিয়ে তাদের বাড়ি-ঘর ও উপাসনালয় ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের ওপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।
শেখ হাসিনা বলেন, সংখ্যালঘুদের বাড়ি-ঘর জ্বালিয়ে, তাদের সহায় সম্পদ লুট করে, আবার তাদেরই জন্য মায়াকান্না করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
এ সময় শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর ও উপাসনালয় ধ্বংসের ছবি দেখিয়ে বলেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই এসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ছবিই কথা বলে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চিরদিন বেচে থাকবো না, তাই এসব রেকর্ড নিয়ে এসেছি যাতে পরবর্তী প্রজন্মের জন্য সংসদে এসব তথ্য রেকর্ড থাকে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাম্প্র্রতিক আন্দোলনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ধ্বংস করতেই সারাদেশে এমন অরাজকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছি।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ৫ই জানুয়ারির নির্বাচনের সময় সারা দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ৫৮৩টির ওপর নির্বাচনী কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, ভোটারদের হুমকি দেয়া হয়েছিল যাতে ভোটকেন্দ্রে না যায়। কিন্তু তারপরও ৪০ শতাংশেরও বেশি মানুষ ভোটকেন্দ্রে গিয়েছিল। মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, আইন সবার জন্য সমান। যারাই সন্ত্রাসী কর্মকান্ড চালাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। আন্দোলনের নামে আর সন্ত্রাস ও অরাজকতা করতে দেয়া হবে বলেও সতর্ক করে দেন প্রধানমন্ত্রী।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি





