মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে নার্সদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
চার সদস্যের এ প্রতিনিধিদলটি বুধবার বিকালে তার সাথে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার ও অর্থ সম্পাদক শারমিন আক্তার।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানান, বিকেলে তারা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে তারা তাদের সমস্যা, দাবি ও তাদের উপর পুলিশি নির্যারতনে বিষয়ে জানান। সব শুনে ড. মিজানুর রহমান তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সাথে তিনি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাসও দিয়েছেন।
গত ২৮ মার্চ পিএসসি ৩ হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে বেকার নার্সরা তিন দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছেন। আগামী ৯ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে ১০ এপ্রিল থেকে তারা আমরন অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ৩০ মার্চ একই দাবিতে তারা শাহবাগ মোড়ে সাড়ে ৩ ঘণ্টা অবস্থান করে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেন। এতে অর্ধশতাধিক নার্স আহত হন। এরপর তারা রাজধানীর আগারগাঁওয়ে ডিএনএসের অফিস ঘেরাও করেন। ৩ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এম আর





