বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ৬০ কোটি টাকার ভ্যাটের জন্য ছয় হাজার কোটি টাকার ঝামেলা পোহানোর দরকার নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ না করার জন্য আমি সংসদে বলেছি, এখনো বলছি, বিষয়টি পুনঃবিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, এ ব্যাপারে বিএনপির বুদ্ধিজীবী মহলের ইন্ধন রয়েছে এই ষড়যন্ত্র অংকুরেই বিনষ্ট করা প্রয়োজন। নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও গভর্ণর শঙ্কর গোবিন্দ চৌধুরীর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে কুখ্যাত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও আব্দুল আলিমকে মন্ত্রী করেছিল। সাড়ে ১১ হাজার রাজাকারকে তারা মুক্ত করে দিয়েছিল। মহান মুক্তিযুদ্ধের শ্লোগান- জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়ে পাকিস্তানের আদলে বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান ও বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশে পরিবর্তন করেছিল।

২০০৮ সালের নির্বাচনের পরাজিত শক্তি এদেশে জঙ্গিবাদের উত্থানে মদদ দিয়েছিল। দেশ বিরোধী ষড়যন্ত্রে তারা বিদেশে লবিষ্ট নিয়োগ দিয়েছিল। দেশের ভিতরে ও বাহিরে থেকে নানামুখী ষড়যন্ত্র হয়েছিল। এ কারণেই সকল শর্ত পূরণ হওয়া সত্ত্বেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফেরত পাইনি। খালেদা জিয়া জিএসপি সুবিধা বাতিল করার জন্যে চিঠি লিখেছিলেন।

তিনি আরো বলেন, বর্তমানেও এই ষড়যন্ত্র অব্যহত আছে। বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা জঙ্গীবাদের অর্থায়ণ করতে গিয়ে ধরা পড়েছেন। তার মতো আরো ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে।

রোববার বিকেলে নাটোর এনএস সরকারি কলেজ মিলনায়তনে নাটোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত স্মরনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান আলী প্রামানিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শঙ্কর গোবিন্দ চৌধুরীর মেয়ে ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি প্রমুখ।

এএইচ