বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে (২৫) বেধড়ক পিটিয়ে তার কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। হাসপাতালে নিলে মেহেদির মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়। এছাড়া এ সময় সন্ত্রাসীদের মারপিটে তার মা গোলাপী বেগমও (৪৫) আহত হন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদী হাসানের ছোট ভাই আতিক জানান, শেরপুর শহর থেকে বাড়ির ফেরার সময় বাড়ির কাছে ওঁতপেতে থাকা পাশের গজারিয়া গ্রামের মিশু, ইউসুফ, মোন্নাফসহ ৪-৫ জন সন্ত্রাসী মেহেদী হাসানকে ঘেরাও করে লাঠিসোঠা ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে।
একপর্যায়ে ছেলের চিৎকারে মা গোলাপী বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে আহত করে এবং মেহেদী হাসানের কাছে থাকা ব্যবসার ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবশ্য, শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মন রাত পৌনে ১১টায় জানান, এ ধরনের কোনো খবর তার জানা নেই।
ইআর





