ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে একদিন বয়সী একটি শিশু চুরি হয়েছে।

শিশুটির মা রুনা বেগম (২৭) ও বাবা কাওসার হোসেন বাবুর বাড়ি ঝালকাঠি জেলায়। তারা রাজধানীর শ্যামলীর জহুরী মহল্লার বাসিন্দা।

সন্তান হারানো কাওসার হোসেন বাবু বলেন, গত ১৯ আগস্ট প্রসবজনিত কারণে আমার স্ত্রীকে ঢামেকের ১১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। ২০ আগস্ট আমার স্ত্রী দুটি পুত্র সন্তানের জন্ম দেয়। আজ ভোরে একটি বাচ্চার শব্দে ঘুম ভেঙে দেখি আমার আরেকটি বাচ্চা নেই। চারপাশে খোঁজাখুঁজি করে ‍তাকে আর পাওয়া যায়নি।

শিশু দুটির জন্মের পর থেকেই পাশের ওয়ার্ডের এক মহিলা এসে শিশুদের খুব আদর করতেন বলেও জানান কাওসার হোসেন বাবু।

ঢামেকের মেডিকেল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবরটি আমর‍া শুনেছি। শিশুটিকে উদ্ধারের তৎপরতা চলছে। ঢামেক পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে মোবাইল ফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও ঢামেক পরিচালককে পাওয়া যায়নি।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ