অর্থমন্ত্রীর ১০০ কোটি টাকা চাঁদা তোলার ঘোষণা সংবিধানপরিপন্থী বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার সকালে  জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘দুর্নীতিগ্রস্ত নীতি ও পরিবেশ বিপর্যয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, ‘অর্থমন্ত্রী ১০০ কোটি টাকা চাঁদা তোলার যে কথা সম্প্রতি বলেছেন তা সংবিধানের ২০-এর ২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কাদের কাছ থেকে টাকা নেওয়া হবে এবং কীভাবে তা ব্যয় করা হবে, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। জনগণকে জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন দলের লোকেরা বলেছিলেন অচিরেই একাদশ সংসদ নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু এখন তাঁরা বলছেন ভিন্ন কথা। তাঁরা নিজেরাই জানেন যে তাঁরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি। একটি জবাবদিহিমূলক সংসদ এখন নেই। জাতীয় সংসদকে জবাবদিহিমূলক করতে হলে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা উচিত।’

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘দুর্নীতিবাজেরা যখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন তাঁদের আর নীতি লঙ্ঘন করতে হয় না। নিজেদের স্বার্থে তাঁরা নীতি বানাতে পারেন। সংবিধান ও আইন নিজের গতিতে চলে না, চলে ক্ষমতাবানদের ইচ্ছায়।'

সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, মূলত আইএমএফের কাছ থেকে খামোখা ১০০ কোটি ডলার ঋণ নেওয়ার শর্ত পূরণ করতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। আরেকটা উদ্দেশ্য হলো বিদ্যুৎ ব্যবসায়ীদের মুনাফার ক্ষেত্র তৈরি করা।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]