চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিরোধীদলকে রাজপথের শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে না দেয়া এটা আওয়ামী লীগের অতীতের ইতিহাস আছে। তারা যতবারই ক্ষমতায় গিয়েছে ততবারই গণতন্ত্রের কবর রচনা করেছে এবং গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।

বুধবার সকালে ৩৬ ঘণ্টার হরতাল ও অবরোধের সমর্থনে চকবাজারের বাদুরতলা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, ‘দেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে রাজপথে মিছিল মিটিং করতে চাইলেই এই অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সভা সমাবেশে পণ্ড করে দিচ্ছে।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আরো বলেন, ‘দেশের জনগণ ক্ষেপে উঠেছে তারা এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব এবং গণতন্ত্র যতখন না পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি করে যাবে।’

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সফল করার জন্য ২০ দলীয় জোটের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনে রাজপথে থাকার আহবান জানান।

চকবাজার থানা বিএনপি নেতা মঞ্জুরুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা খায়রুজ্জামান জুনু, মো. এম এ হালিম, যুবদল নেতা এমদাদুল হক বাদশা, আবুল হোসেন, ছাত্রদল নেতা মুস্তাকিম মাহমুদ, নুরুল আলম শিপু, যুবদল নেতা নাসিম চৌধুরী, লিটন বৈদ্য, সুজন বাদশা, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা সালাউদ্দিন সাহেদ, জসীম উদ্দিন হিমেল, যুবদল নেতা আসাদুজ্জামান রুবেল, আসিফ নেওয়াজ, মো. রবিন, ছাত্রদল নেতা মো. জিকু, মো. সম্রাট, মো. জিসান, মো. নাসিম, রাকিব, ফোরকান প্রমুখ।
জেআই