রাজধানীতে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বোমার আগুন একটি ট্যাক্সিক্যাবে ধরে যায়।

মঙ্গলবার বিকেল ৫টার দিকেরাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের বিপরীতে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা এ সময় একটি বাস ও প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে।

মতিঝিল থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শেখ আবুল বাশার জানান, এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হলো- শ্রী রতন, আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক। আটক ৩ জনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, বোমা না ককটেল বিস্ফোরিত হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এটি বেশ শক্তিশালী বলে মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বোমা বিশেষজ্ঞরা আসছেন। মতিঝিল থানার ওসি ফরমান আলীও এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া মতিঝিল এলাকায় সন্ধ্যায় পর পর ১০–১৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল এলাকায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ককটেল বিস্ফোরণের এঘটনা ঘটে।

মতিঝিল জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) আরিফুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

এছাড়া রাত ৯ টার দিকে তাতী বাজারে ৪ টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

জেএ