প্রধানমন্ত্রী কানের চিকিৎসার জন্য বিদেশে যান যা জাতি তথা দেশের জন্য লজ্জাজনক ও বেদনাদায়ক বলেছেন, ড. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলন এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কানের চিকিৎসা করানোর জন্য বিদেশে যান। রাষ্ট্রপতি তার কাজ নেই তাই তিনি প্রতি তিন মাস অন্তর অন্তর চিকিৎসা করাতে বিদেশে যান। এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক ও বেদনাদায়ক। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী-এমপিদের সন্তানরা যতদিন বিনা চিকিৎসায় মারা না যাবে ততদিন এদের বোধদয় হবে না এবং জাতিও এর থেকে পরিত্রাণ পাবে না।
নিরাপদ চিকিৎসা সেবা প্রতিষ্ঠা করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন হতে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ২৪ ঘন্টা ডাক্তার ও নার্সদের উপস্থিতি ও তাদের সেবা থাকা জরুরী। যা আমাদের দেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি যদি দেশে চিকিৎসা করাতেন তাহলে এদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটত।
নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলনের আহ্বায়ক শরীফ মোস্তফাজামান লিটু এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান, নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলনের অন্যতম নেতা ইসমাইল তালুকদার খোকন, জাহানারা বেগম, মাস্টার আব্দুস সোবহান, জাহিদ আহমেদ, জুলফিকার বিশ্বাস, কাওসার হামিদ, আব্দুল জলিল প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লিটন।
এমবি





