ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জন বিএনপির কর্মী ও তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ সময় সাতজনকে আটক করেছে পুলিশ।

শহরের মহাজন পট্টি এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংর্ঘষের ঘটনায় ঘটে।

এ ব্যাপারে ভোলা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোবাশ্বের আলী জানান, বিএনপির কর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়। ওই সময় পুলিশ লাঠিচার্জ করে।

নাশকতার আশঙ্কায় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয় বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে জেলা বিএনপির কারো মন্তব্য পাওয়া যায়নি।

কেএইচ