সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা প্রদান সংক্রান্ত নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখতে এবার পুলিশের শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপস) এবং ইসির একজন কর্মকর্তার সমন্বয়ে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিই পুলিশের শুনানি করবে।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচনের সময় ৩০টি কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। এ নিয়ে ভোটের দিন বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন কমিশন।

বিষয়টির পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য ঘটনার কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুনানি করছে ওই তদন্ত কমিটি।

রোববার সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরই ধারবাহিকতায় ২০ মে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং সে এলাকায় অবস্থিত সংশ্লিষ্ট থানার ওসি’র বক্তব্য শুনবে তদন্ত কমিটি। এরপর ভূক্তভোগী সাংবাদিকদের বক্তব্যও শুনবে তদন্ত কমিটি।

রোববার ইসির উপ-সচিব আব্দুল অদুদ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ২০ মে’র শুনানিতে উপস্থিত থাকতে ইসির নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ডিসিসি নির্বাচনের সময় অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা প্রদান এবং কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকদের নাজেহাল করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসি।

তদন্ত কমিটি যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শুনবে। একই সঙ্গে ওইসব ভোটকেন্দ্র যেসব থানার অন্তর্ভূক্ত সেসব থানার ওসিদেরও শুনানিতে উপস্থিত থাকতে হবে।

শুনানিতে প্রিজাইডিং কর্মকর্তাঃ

এদিকে রোববার ৩০প্রিজাইডিং কর্মকর্তাদের শুনানি করেছে তদন্ত কমিটি।

শুনানির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, প্রিজাইডিং কর্মকর্তারা শুনানিতে ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি নিয়ে নানা দোষারোপ করেছেন।

এক্ষেত্রে ভোটকক্ষের ভেতর একসঙ্গে অনেক সাংবাদিক উপস্থিতির বিষয়টি তারা সবচেয়ে বেশি সমালোচনা করেছেন। এছাড়া ভোটকেন্দ্রে প্রবেশে পুলিশ সাংবাদিকদের বাধা দিয়েছে বিষয়টি তারা জানেন না বলেও তদন্ত কমিটিকে জানিয়েছেন।

ডিসিসি নির্বাচনের সময় সকাল ১১ টা পর্যন্ত সাংবাদিকদের পুলিশ ভোটকেন্দ্রের ভেতেরে প্রবেশ করতে দেয়নি বলে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। পরে কমিশনের হস্তক্ষেপেই বিষয়টি সুরাহা হয়। ভোটের দিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদও এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেন।

তিনি নিজেই বলেন, সাংবাদিকদের বাধা দিয়ে পুলিশের অনিয়মের বিষয়টি নজরে আসার পরপরই ব্যবস্থা নিয়েছি। তাদের পর্যবেক্ষক নীতিমালা পড়ে শুনিয়ে ভোটকেন্দ্রের ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিশ্চিত করেছি।

এএইচ