মাগুরায় হাসপাতালের তত্বাবধায়ক, ডাক্তার, ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে । এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত ১৯জন।
মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান জানান -আজ ১৩ মে বুধবার সকালে ১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে আমাদের নতুন করে ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক , ১জন একই হাসপাতালের মেডিকেল অফিসার এবং অপর দুই জনের মধ্যে একজন মাগুরা শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর অন্যজন একই উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই প্রথম মাগুরাতে কোন ডাক্তার এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব করোনা শনাক্ত হলো।
প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, করোনায় বাংলাদেশ পরিস্থিতি
এখন পর্যন্ত মাগুরাতে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯জন। তার মধ্যে, মাগুরা সদরে ৭জন, শ্রীপুরে ৬জন, শালিখাতে ৫জন ও মোহাম্মদপুর উপজেলায় ১জন । আক্রান্ত ব্যক্তিদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তবে আশার কথা এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩ জন।
সাইফুল্লাহ/এএস





