অবরোধের আগুনে দগ্ধ হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ে হেরে গেলেন বাসহেলপার মুরাদ মোল্লা (২০)। রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, তার শরীরের শ্বাসনালীসহ ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

মুরাদ মোল্লা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মৌসা গ্রামের তুরাব মোল্লার ছেলে।

মুরাদের মামা কিবরিয়া জানান, তার ভাগিনা যশোর খাজুরা বাসস্ট্যান্ড থেকে মাগুড়া লাইনের লোকাল বাসে হেলপারের কাজ করত। ৭ জানুয়ারি ডিউটি শেষ করে বাসেই ঘুমিয়ে ছিল সে। এ সময় অবরোধকারীদের ছোড়া আগুনে পুড়ে যায় মুরাদ। এ সময় তাকে যশোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়।

এএইচ