ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী (১২) বুধবার রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেছে।

সন্তান প্রসবের পর ধর্ষকের হুমকিতে জীবনের নিরাপত্তা চাওয়ায় বর্তমানে ভুক্তভোগীকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম জানান, সদ্য ভূমিষ্ট বাচ্চাটিকে হত্যা করা হবে— এমন হুমকি পেয়ে ভুক্তভোগীর বাবা নিরাপত্তার আবেদন করেন। তার আবেদনের পর পুলিশকে জানিয়ে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা জানান, জেলার নাগেশ্বরী খামারহাসনাবাদ খেফনীটারী গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে জাকিরুল ইসলাম (২০) তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তারা প্রথমে মনে করেছিলেন পেটে টিউমার হয়েছে। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকায় রিকশা চালাই। স্ত্রী মানসিক ভারসাম্যহীন, এই সুযোগে জাকিরুল আমার মেয়েকে ধর্ষণ করে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম আরও জানান, বুধবার অন্তঃসত্ত্বা মাকে হাসপাতালে আনা হয়। ওই সময় মা ও শিশুর অবস্থা সংকটাপন্ন ছিল। বয়স কম হওয়ায় মেয়েটির শারীরিক গঠন সন্তান প্রসবের উপযুক্ত ছিল না। ডাক্তার-নার্সদের দক্ষতায় তাদের বাঁচান গেছে। তবে মায়ের শারীরিক অবস্থা এখনও নাজুক।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খান মো. শাহ্‌রিয়ার বলেন, ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। এখনও আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে চেষ্টা অব্যাহত আছে।

এএইচ