গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ডাটা সেন্টার নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য তালেবাবাদ মাইক্রোওয়েভ স্টেশনের জমি পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এসময় তিনি তালেবাবাদ মাইক্রোওয়েভ স্টেশনের কাজের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন ও প্রতিষ্ঠানটির জিএম রফিকুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক সংলগ্ন তালেবাবাদ মাইক্রোওয়েভ স্টেশনের জমিতে জাতীয় ডাটা সেন্টারের জমি নির্ধারণের জন্য পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। হাইটেক পার্কের পাশে ঢাকার হাতিরঝিলের মতো একটি পর্যটন এরিয়া তৈরি করা হবে বলে জানান মন্ত্রী।

পরিদর্শনকালে তালেবাবাদ (উপগ্রহ ভূ-কেন্দ্রের) মাইক্রোওয়েভ স্টেশনের পরিবেশ জরাজীর্ণ ভবন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে তালেবাবাদ (উপগ্রহ ভূ-কেন্দ্রের) মাইক্রোওয়েভ স্টেশনের জিএম মো. রফিকুল ইসলামকে বরখাস্ত করেন।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই