যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কের অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বাধার মুখে পড়েন জেলা প্রশাসকরা (ডিসি)। তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে বলা হয়েছে বলে জানান মন্ত্রী।

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন আজ বুধবার দ্বিতীয় অধিবেশনে যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা জানিয়েছেন যে তারা রাজনৈতিক প্রভাবের মুখে পড়েন। এছাড়া শহরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক প্রশস্ত করারও প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। রাস্তা আর বেশি প্রয়োজন নেই। যা রাস্তা আছে তার সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলেই চলবে। ফ্লাইওভার সাময়িক ব্যবস্থা। আর ৪ লেন করলেও সমস্যা মিটবে না। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

উদাহরণ দিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, নবীনগরের চন্দ্রা মোড় ৪লেন করেও লাভ হয়নি, দখল হয়ে গেছে। আমাদের চলমান বড় বড় কাজ মেট্রোরেল, ৪ লেন, সাবওয়ে নির্মাণ শেষ করতে হবে। দখলের মানসিকতা পরিবর্তন করতে হবে। মন্ত্রী বলেন, রমজান মাস চলছে। সামনে ঈদ রয়েছে। বর্ষাকাল হওয়ায় এ সময় রাস্তাঘাট যেকোনো মূল্যে চলাচল যোগ্য রাখতে হবে। রাস্তাঘাট চলাচলযোগ্য রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কগুলোতে নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসকদের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওবায়দুল কাদের জানিয়েছেন।

ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস