র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে এ পর্যন্ত ১০৬ ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ সদর দপ্তরে মাদক ধ্বংস ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশে মাদক নির্মূলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব ও পুলিশ বাহিনীর অব্যাহত অভিযানে দেশে মাদক পাচার ও মাদকের ব্যবহার কমে এসেছে।

মাদক, জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার পরিচয় দিয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নির্দেশনা বাস্তবায়নে মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন একসময় জলদস্যু, বনদস্যুদের অভয়ারণ্য ছিল। কোনো পর্যটক, স্থানীয় জেলে সুন্দরবনে যেতে পারতেন না। কিন্তু র‌্যাবের প্রচেষ্টায় এখন সুন্দরবন জলদস্যুমুক্ত হয়েছে।

দেশে ইয়াবা প্রবেশের প্রধান রুট কক্সবাজারে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা এখন কমে এসেছে বলে জানান তিনি।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো: হাবিবুর রহমান, মো: ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো: মাহাবুবর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: মজিবুর রহমান পাটোয়ারী, বিভিন্ন সরকারি ও সামরিক কর্মকর্তাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি