পেট্রোল বোমায় নিহত যশোরের নুরুজ্জামান পপলু ও মাইশার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি তাদের সঙ্গে বেশ কিছু সময় কাটান।
বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে নুরুজ্জামান পপলুর বাবা রুকুন উদ্দিন ও মা নূরজাহান বেগমের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।
তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের নামে দম ফেলার কৌশল নিয়েছেন। সাপের মত প্রতিনিয়ত খোলস বদলাচ্ছেন। কিন্তু, খোলস বদলালেও তার বিষ পরিহার করেননি।
তিনি খালেদা জিয়াকে জঙ্গি ও আগুননেত্রী দাবি করে বলেন, তার প্রত্যক্ষ মদদে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সে কারণে তিনি ক্ষমা চাননি, তওবা করেননি কিংবা অনুতপ্ত হননি।
তিনি বলেন, মানুষ পুড়িয়ে হত্যার দায় থেকে খালেদা জিয়াকে রেহাই দেওয়া হবে না। পরিকল্পিতভাবে খালেদা জিয়ার আঁচলের তলে থেকে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, চৌদ্দগ্রামের ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক আপস নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনায় জড়িত প্রায় সকলকে আটক করা হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
মন্ত্রীকে কাছে পেয়ে নুরুজ্জামান পপলুর মা নূর জাহান বেগম বেদনার্ত কণ্ঠে প্রশ্ন রাখেন, মানুষ হত্যা করে ওদের কি লাভ হলো? যারা সন্তান, স্বামী হারিয়েছে তাদের কষ্ট কি ওরা শুনতে পায় না? সন্তান হারা মায়ের এমন প্রশ্ন বেদনার্ত করে তোলে মন্ত্রীকে।
তথ্যমন্ত্রী বলেন, হরতাল অবরোধের নামে যাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তারা বীরসেনানী, রাষ্ট্র তাদের সেইভাবেই দেখছে। তাদের সব ধরণের সহযোগিতা করা হবে।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আক্তার এমপি, জাসদের সহ-সভাপতি রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেআই





