ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু সন্তান শফিকুল ইসলামকে (৩ মাস) হত্যা করে আত্মহত্যা করেছেন ফারজানা আক্তার (২২) নামে এক গৃহবধূ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে নাসিরনগর থানার পুলিশ ঘরের বিছানা থেকে শিশুর এবং পেয়ারা গাছ থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। নিহত ফারজানা আশুরাইল গ্রামের দুবাই প্রবাসী নূর উদ্দিনের (২৬) স্ত্রী।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল জানান, আশুরাইল গ্রামের নূর উদ্দিনের বাড়ির আঙিনায় পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় ফারজানার মৃতদেহ ও ঘরের ভেতরে বিছানা থেকে শিশু সন্তানটির মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই জানায়, শিশু সন্তানটিকে হত্যা করে বিছানায় রেখে ওই গৃহবধূ পেয়ারা গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে এলাকার লোকজন ধারণা করছেন। তবে পারিবারিক কলহ কিংবা অন্য কোনো কারণে কেউ ওই গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচিত করেছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ছয়মাস আগে নূর উদ্দিন দেশে আসেন। শনিবার (১৫.০৮.২০১৫) তার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।

এদিকে এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে হাজার হাজার লোক ওই বাড়িতে ভীড় জমায়।

এসআই শাহজালাল জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ