বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকারকে আরও শক্তিশালি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা আরো জোরদার করতে হবে।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের দল। সকল চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সামনে এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে বেগম জিয়া আর্ন্তজাতিক সম্প্রদায়সহ মায়ানমারের প্রতি আহবান জানিয়েছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া মানবিক কারণে কক্সবাজার সফর করেছেন। তাঁর এ মানবিক সফরে হামলা চালিয়ে সরকার নিজেদেরকে সন্ত্রাসী দল হিসেবে আরেকবার প্রমাণ করল। হামলার সন্ত্রাসীদের গ্রেফতার না করে সরকার গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করার আরেকটি পরিকল্পনা করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ বেগম জিয়াকে ভালোবাসে বলেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে।’
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মাহবুবুর রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





