আওয়ায়ামীলীগের প্রেসেডিয়াম সদস্য ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক মনিটরিং ও আগাম সর্তকতামূলক প্রস্তুতি নেওয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ কম হয়েছে।

রোববার দুপুর নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোয়ানুর দুর্গত এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। তাদের মাঝে শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করেন। তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি ঘটনাস্থল থেকে পানি সম্পদ মন্ত্রীর সাথে মোবাইল ফোনে ছোট ফেনীর নদী উপর ক্র্যাস-ড্যাম নির্মাণের জন্য ও নদী-ভাঙন রোধে করণীয় নিয়ে আলোচনা করেন। স্থানীয়দের সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।

পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা, চর এলাহি ও মুছাপুর ইউনিয়নে রোয়ানু দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় জেলাপ্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সড়ক অধিদপ্তরের নোয়াখালী নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, উপ- সহকারী প্রকৌশলী পিন্টু চাকমা, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।

এমআইএস