মুন্সীগঞ্জের আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতরা সবাই গুলিবিদ্ধ।

আজ (বুধবার) সকালে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন লিজা (৩০), মীম (১৫), খালেদা আক্তার (৩৫), ফালান (৩৫), সজল হোসেন ও অজ্ঞাতনামা দুজন।

জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, বেশ কয়েক রাউন্ড গুলি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকাল থেকেই আমঘাটা এলাকায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই ঘটনায় একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বশাক জানান, অজ্ঞাতনামা দু’জনসহ ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এমবি