বাসভাড়া বৃদ্ধি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবাইকে খুশি করে করতে পারবো না। তারপরও বাস্তবসম্মত এবং সব দিক সামলে নিয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

গ্যাসের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ বিষয়ে বিআরটিএ’র সুপারিশমালা পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস-মিনিবাসের ভাড়া ১০ পয়সা করে বাড়িয়েছে সরকার। এছাড়াও যেকোনো দূরত্বে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছে ১৫ টাকা।

ঢাকা ও ঢাকার আশপাশের জেলা এবং চট্টগ্রামে বাস-মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়লেও দূরপাল্লার পরিবহনে কোনো ভাড়া বাড়ছে না।

বাস-মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। আর সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে প্রতি যাত্রীর জন্য আগের ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ঢাকাসহ আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরিসংদী- ডিটিসিভুক্ত এলাকা এবং চট্টগ্রামে এই ভাড়া কার্যকর হবে।

বাস-মিনিবাসের সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাস ৭ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকাই থাকবে।

সিএনজির সর্বনিম্ন ভাড়া ৪০ টাকা ঢাকা ও চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার যেকোনো দূরত্বে সর্বনিম্ন ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

পরবর্তী প্রতি কিলোমিটারে ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২ টাকা। বিরতিকালে প্রতি মিনিটের ভাড়া ১ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার জমা আগের ৬০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০০ টাকা।

ওবায়দুল কাদের বলেন, মিটার ঠিকঠাক করার জন্য মালিকেরা সময় চেয়েছেন, এজন্য ১ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্কর হবে। সিএনজি চালুর আগে মিটার ক্যালিবারেশন করে নিতে হবে, অন্যথায় চলতে পারবে না।

কঠোরভাবে তদারকি করা হবে মন্ত্রী বলেন, সিএনজির মিটারের বিষয়টি স্ট্রিক্টলি ফলো করা হবে, ভাড়ার তালিকা বাসে টানাতে হবে।

ঢাকা-চট্টগ্রামে বাস-মিনিবাস-সিএনজিচালিত অটোরিকশার ভাড়া মনিটরিং করার জন্য বিআরটিএ’র ১১ সদস্যের মনিটরিং টিম গঠন করা হচ্ছে। অন্যদিকে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবহন মালিক ও ভুক্তভোগীর প্রতিনিধি থাকবে।

ভাড়া না মানলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবে, মোবাইল কোর্ট পরিচালিত হবে, ব্যবস্থা নেবে।

মন্ত্রী বলেন, অতীতে অনেক সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাস্তবে যে যার মতো ভাড়া বাড়িয়েছে। এবার আর তা হবে না, আমরা মন্ত্রণালয় থেকেই মনিটরিং করব।

গ্যাসের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুননির্ধারণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধির দায় আমরা এড়াতে পারি না। কিন্তু গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে সবাইকে ডাকা হয়নি।

ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী কিছু কিছু বিষয় বিবেচনা করতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ঈদের আগে যেন কাযর্কর না করা হয়।

সভায় সড়ক বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয়, পরিবহন মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমকে