বি:বাড়িয়া জেলার আশুগঞ্জের তালশহরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার তালশহর গ্রামের খতিববাড়ির সাচ্চু মিয়ার ছেলে শ্যামলের সঙ্গে দিদার বক্সবাড়ির খায়েস মিয়া ছেলে জনু মিয়ার ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে আবারো আজ রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় অন্তত অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় সংঘর্ষকারীরা।
সংঘর্ষের ঘটনায় দিদার বক্সবাড়ি লোকজনের বল্লমের আঘাতে খতিববাড়ির মহবত আলীর ছেলে কবির হোসেন (৩৫) গুরুতর আহত হলে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সংঘর্ষে উভয় পর্ক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচাজ মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, সংঘর্ষে আহত কবির হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমই





