প্রতিটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা জরুরি বলে মত ব্যক্ত করেছেন সিপিএ সদস্যরা।
আজ মঙ্গলবার সেমিনারের দ্বিতীয় দিনের চতুর্থ সেশনে ‘দি মেম্বার অব পার্লামেন্ট অ্যান্ড দ্য পার্টি’ শীর্ষক আলোচনায় এ মতামত ব্যক্ত করেন বক্তারা।
চতুর্থ সেশনে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির ড. ক্রিস বুরকে, এম.এল.এ সভাপতিত্ব করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এবং সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি. খুমালো এ সেশনে রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন।
সেশনে একটি কার্যকরী রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, রাজনৈতিক দলের জন্য বাজেট প্রণয়নের অপরিহার্যতা, জাতীয় সংসদে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা, সংসদীয় দল কর্তৃক সংসদীয় কমিটির সদস্যদের মনোনয়ন প্রদান এবং সংসদীয় গণতন্ত্র বিকাশে সংসদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে ২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনার গতকাল সোমবার শুরু হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সেমিনারটি উদ্বোধন করেন।
এদিকে ‘পার্লামেন্টারি ইথিকস, ট্রান্সপারেন্সি অ্যান্ড এ্যাকাউন্টিবিলিটি’ শীর্ষক পঞ্চম সেশনে সভাপতিত্ব করেন স্কটল্যান্ডের মার্গারেট ম্যাককুলচ। সংসদ সদস্য ব্যারি হাউস এবং এমএলসি ভারতের ভেঙ্কটেশ নায়েক রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় সংসদীয় নীতি-নৈতিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সুশাসনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে আখ্যায়িত করা হয়।
এই সেশনে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন, সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্ব ও কর্তব্য, সংসদে আলোচিত রেকর্ডসমূহ তারিখ ও সময়সহ সংরক্ষণ ও প্রচার এবং স্থানীয় ভাষায় সেগুলোকে রূপান্তর করে সংরক্ষণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সেমিনারে বাংলাদেশ ছাড়াও ১৭টি দেশের ২৬টি শাখার মোট ৩৫ জন পার্লামেনটারিয়ান ও প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
এএইচ





