নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে ভেলকিবাজ দালাল আখ্যায়িত করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে দ্রুত আইনের আওতায় নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে বিএনপি-জামায়াত জোটের অব্যহত হরতাল-অবরোধে দেশজুড়ে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদের  আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আহবান জানান রংপুর জেলা ছাত্রলীগ নেতারা।

প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা বলেন, ‘ভেলকিবাজ দালাল নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না রাষ্ট্রের শত্রু। টক-শো’র আড়ালে ক্ষমতার লোভে দেশবিরোধী কার্যকলাপে তিনি লিপ্ত হয়ে উঠেছেন। মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে ব্যবস্থা নিতে হবে।’

দেশে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে দাবি করে বক্তারা আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের চলমান হরতাল-অবরোধের নামে সন্ত্রাস ও নাশকতা কঠোর হস্তে দমনে জন্য সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। বিএনপি জোট ছাড়া দেশে এখন সবকিছুই স্বাভাবিক রয়েছে।’

এর আগে দুপুর বারোটায় মহানগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিএনপির কার্যালয় সংলগ্ন গ্রান্ড হোটেল মোড় হয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবশে বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিউর রহমান সফি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষ্মিণ চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সরদার, নুরে আলম, শরিফুল ইসলাম শরিফ, সুমন সরকার, জিন্নাত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম, সদর ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস, কারমাইকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুজ্জামান সিজার প্রমুখ।

জেআই