বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে অর্থাৎ ১২ জুলাই জিলহজ্ব মাস শুরু।

এ হিসেবে সারা দেশে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হবে।

আজ ১১ জুলাই (রোববার) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভায় সভাপতিত্বে করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় ধর্ম সচিব নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ মন্ত্রণালয় ও ফাউন্ডেশেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, আজ ১১ জুলাই (রোববার) বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১২ জুলাই জিলহজ্ব মাস শুরু হবে এবং ঈদুল আজহা পালিত হবে জিলহজ্ব মাসের ১০ তারিখ অর্থাৎ ২১ জুলাই।

এদিকে শনিবার সৌদি আরবে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়, সে হিসেবে রোববার (১০ জুলাই) সেখানে জিলহজ্ব মাস শুরু হয়েছে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)।

করোনা পরিস্থিতিতে ঈদের জামাত প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত বছরের ২ টি ঈদ এবং এবার ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও হবে মসজিদে। সেক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি।

উল্লেখ্য, জিলক্দ মাসের পরই আরবি বছরের শেষ মাস জিলহজ্ব মাস। জিলহজ্ব মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ্ব করতে যান। জিলহজ্ব মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন মুসলমানেরা।

বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেন, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

এইচএন