লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এ কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং কাছাকাছি দ্বীপ ও চরাঞ্চল স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





