বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ভোটারবিহীন নির্বাচনে গণধিকৃত হয়ে অবৈধ আওয়ামী লীগ সরকার বেসামাল হয়ে পড়েছে। আসন্ন গণআন্দোলনের ভয়ে তাদের অন্তরে কাঁপুনী ধরে গেছে। তাই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে এখন গ্রেপ্তার নির্যাতনের পথ বেছে নিয়েছে। কিন্তু গ্রেপ্তার নির্যাতন করে অবৈধ সরকারের শেষ রক্ষা হবেনা।
আজ (রোববার) ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সেক্রেটারি।
শাখা সভাপতি নূরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সোহেল রানার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমীন, কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক বদিউল আলম, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক মাশরুর হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মোঃ মাহবুব আলম।
শিবির সেক্রেটারি বলেন, সরকার তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। সরকারের অপশাসন ও দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তাই জনগণ যখন তাদের অধিকার ফিরে পাবার জন্য দূর্বার গণআন্দোলনের প্রস্তুতি গ্রহণ করেছে, তখন নিজেদের অস্তিত্ব বিলুপ্তির আশঙ্কায় ভারসাম্যহীন হয়ে পড়েছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার।
তিনি বলেন, কোন কারণ ছাড়াই ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় শক্তিকে অবৈধভাবে ব্যবহার কারে সারাদেশে জামায়াত শিবির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করে চলছে।
তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, আপনারা যদি ভেবে থাকেন গ্রেপ্তার নির্যাতন করে ছাত্রশিবিরের দেশ ও ইসলাম রক্ষার আন্দোলন দমন করবেন, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। ছাত্রশিবির দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র জীবন দিয়ে প্রতিহত করতে কখনো পিছপা হয়নি।
চট্টগ্রাম, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





