স্থানীয় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ দোবর্দ্ধন গ্রামে এক যুবলীগ নেতা পাঁচ কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দখলকৃত ওই সম্মত্তির একাংশে বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করে দোতালার কাজ প্রায় সম্পন্ন করেছেন। এ ঘটনায় অবৈধ দখলদার উচ্ছেদের জন্য গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের তিন একর ৬১ শতক জমির আর এস রেকর্ডিয় মালিক ছিলেন সুভাশিনি দেবী। ১৯৬৫ সালে দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের আ. মালেক সরদারকে সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে সুভাশিনি ভারতে চলে যান। পরবর্তীতে আ. মালেক সরদার ওই সম্পত্তিতে বাড়ি ঘর করে পরিবার পরিজন নিয় বসবাস করেন। ১৯৭০ সালে আ. মালেক সরদার উক্ত তফসিলভূক্ত সম্পত্তি ভিপি হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেন।
আ. মালেক সরদারের ছেলে আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ১৯৮৪ সালের ১০ অক্টোবর তার চাচা একই গ্রামের আ. রব সরদার কবুলিয়তের মধ্যে লিজে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। ২০০৬ সালের ২১ অক্টোবর তার বাবা আ. মালেক সরদার মারা যান। ২০০৭ সালের ২ জুলাই মালেক সরদারের কোন ওয়ারিশ নেই বলে মিথ্যা তথ্য দিয়ে চাচা রব সরদার সরকারি শর্ত সাপেক্ষে নিজের নামে লিজ নেন। পরবর্তীতে আব্দুর রব সরদার ও তার ছেলে রঞ্জু সরদার নিজের মালিকানা সম্পত্তি হিসেবে দাবি করে ভোগ দখল করেন।
এলাকাবাসী জানান, নির্বাহী কর্মকর্তা গত ২৬ জুন শোকজ প্রদান করেন। কিন্তু শোকজকে পাত্তা না দিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখলে গত ৬ জুলাই গৌরনদী ভূমি অফিস নির্মাণ কাজ বন্ধে লিখিত নির্দেশ দেন। কিন্তু যুবলীগ নেতা প্রভাব দেখিয়ে কাজ বন্ধের নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বহুতল পাকা ভবনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মো. রঞ্জু সরদার বলেন, "আমার পৈত্রিক সম্পত্তিতে আমি পাঁকা ভবন নির্মাণ করছি।"
এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমান বলেন, "কোন ব্যক্তি লিজকৃত ভূমির প্রকৃতি পরিবর্তন করা কিংবা পাকা ভবন নির্মাণ করতে পারবে না।" গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, "এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আদেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





