নিজেদের অপরাধ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এটি তাদের তামাশা ছাড়া আর কিছু নয়। আগুন সন্ত্রাস ও অপকর্ম যারা করছে, তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে।

আজ রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনে যুক্ত হন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন, এরাই বিপদে পাশে থাকবে। সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী না। সব কলহ থেকে আমাদের সরে আসতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ঘোলাপানিতে মাছ শিকারের কুমতলব আবারও শুরু করেছে বিএনপি। এই কুমতলব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, মাগুরা-বগুড়ার নির্বাচনের কথা জনগণ এখনও ভুলে যায়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোর ও এর আশপাশের জেলার সড়ক অবকাঠামোর উন্নয়নের কথা তুলে ধরে বলেন, অতীতে কোনো সরকার এর সিঁকিভাগও করেনি।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

এএস