বগুড়াবঙ্গবন্ধু প্রজন্ম লীগের বগুড়ার শেরপুর উপজেলা সভাপতি জাকির হোসেনকে গ্রেফতারের পর তার বাড়ি থেকে ১০টি ককটেল ও ২টি সামুরাই উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে শেরপুর পৌর শহরের দুবলাগাড়ি এলাকায় জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। গ্রেফতারকৃত জাকির শেরপুরের দুবলাগাড়ি এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে।

রোববার ভোর রাতে পুলিশ শেরপুর পৌর শহরের বনিকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি পুলিশ জাকিরের বাড়িতে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও ২টি সামুরাই উদ্ধার করে।

উল্লেখ্য, গত সোমবার আমিরুল ইসলাম চৌধুরী নামের একজন চিকিৎসককে অপহরনের পর বিবস্ত্র করে ছবি তুলে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়। ওই ঘটনায় বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি জাকির হোসেনকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপর থেকেই জাকির হোসেন পলাতক ছিল।

শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, জাকির হোসেনকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা হবে।


এআই