বাগেরহাটের কচুয়া উপজেলায় শিক্ষকের পিটুনিতে জুবায়ের রহমান (১০) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুবায়ের উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. মিজানুর রহমান।

জুবায়েরের মা জাকিয়া সুলতানার অভিযোগ, পড়া না পারায় তুষার কুমার দাস নামে ইংরেজি বিষয়ের শিক্ষক তাকে ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টার দিয়ে এলোপাতাড়ি পেটান।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাদের জানান, শিশুটির মুখ, ঘাড় ও বাম চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার জানান তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ওএফ