গাড়িবহরে বোমা হামলার ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন এসআই এসএম জাহাঙ্গীর আলম।

মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বৃহস্পতিবার দুপুরে মহানগরীর দড়িখরবোনা এলাকায় গাড়িবহরে বোমা হামলা, দোকানপাট ভাঙচুর ও নাশকতার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীতে মুখোশধারী দুর্বৃত্তরা পণ্যবাহী গাড়িবহরে বোমা হামলা চালায়। এ সময় ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় তিন ব্যক্তি। এর আগে সোমবার শিশির পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু ও মেয়র বুলবুলসহ ৮৯ জন বিএনপি ও জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

কেএইচৃ