শোকের মাস আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মোমবাতি প্রজ্জ্বলন, শপথ গ্রহণ, পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে নেতাকর্মীরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টা ০১ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে মোমবাতি প্রজ্জ্বলন এবং পরে শপথ নেন সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এদিকে, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ৪০তম বার্ষিকীকে সামনে রেখে এ বছর আওয়ামী লীগের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সূচনা করে ছাত্রলীগ।

বৃষ্টিবাধা উপেক্ষা করে সরকারদলীয় নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও নীরবতা পালন করে বিশেষ দোয়া পড়েন। একে একে শ্রদ্ধা নিবেদন পর্ব চলে গভীর রাত পর্যন্ত।

যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

একই কর্মসূচি পালন করা হয় বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল ও আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ের সূচনা করেছিল। দিনটি তাই জাতির জন্য শোকের, কান্নার। শুধু তাই নয়, পুরো মাসটিই শোকের।

ইআর