ভূমিকম্পে নওগাঁ শহরের বাটার মোড়ে ৫তলা একটি মার্কেট ও তার পাশে নির্মাণাধীন আরেকটি ৫তলা ভবন এবং  গোস্তহাটীর মোড় এলাকায় পাশাপাশি দু'টি বহুতল ভবন হেলে পড়েছে। একই সাথে রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে ফাটল দেখা দিয়েছে। 

রবিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ভূমিকম্পের পর বাটার মোড়ে কাজী মোস্তাক আহমেদের চাঁদনী চক মার্কেট ও তার পাশে নিমার্ণাধীন ৫ তলা আরেকটি ভবন কিছুটা হেলে পড়েছে। সেই সাথে গোস্তহাটীর মোড় এলাকার ব্যবসায়ী আজাদ হোসেনের ৫ তলা ও পাশের আক্তার হোসেনের ৩ তলা ভবন দু'টি শনিবারের ভূমিকম্পে কিছুটা হেলে পড়েছে।

নওগা পৌর মেয়র নজমুল হক সনি জানান, জানতে পেরে রবিবার সকালে সরজমিন পরিদর্শন শেষে ওই দু'টি ভবন হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরো জানান, ভবন দু'টিতে কোনো ফাটল দেখা যায়নি। ঘটনার পর থেকেই স্থানীয়রা ভবন ৩টির  চারপাশে ভিড় করছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদরানা জানান, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে টিণের চালা উড়ে মহাবিদ্যালয়ের কিছুটা ক্ষতি হয়েছিল। রবিবারের ভূমিকম্পে মহাবিদ্যালয়ের সবগুলো ক্লাস রুমে ফাটল দেখা দিয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক জানান, আমার কাছেও কয়েকটি ভবন হেলে পড়েছে বলে মনে হয়েছে। শহরের ওই ৪টি ভবন হেলে পড়ার বিষয়টি তদন্ত করে দেখার জন্য এলজিইডি, গণপূর্ত ও পৌরসভার প্রকৌশলীদের সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটির রির্পোটের ভিত্তিত্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেআই