চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে গায়ের জোরে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
আজ সোমবার এক বিবৃতিতে বলেছেন, বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির অবসান করতে সরকারকেই রাজনৈতিক উদ্যোগ নিতে হবে। বন্দুকযুদ্ধের নামে বিরোধী জোটের কর্মীদের হত্যা-গুম, দমন-পীড়ন করে বের হবার রাস্তা খুজে পাওয়া যাবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, ৫ জানুয়ারীর অনৈতিক নির্বাচনের মাধ্যমে যে সংকটের সৃষ্টি হয়েছে অবিলম্বে রাজনৈতিকভাবেই তার সমাধান বের করতে হবে। গায়ের জোরে রাজনৈতিক সমস্যার কোন সমাধান নেই।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে আজ যে রাজনৈতিক অস্থিরতা তৈরী হয়েছে তার জন্য সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী চরিত্রই দায়ি। সরকার রাজনৈতিক সমস্যাকে গায়ের জোরে দমন করতে যেয়ে আজকের এই অস্থিরতার জন্ম দিয়েছে এবং অস্থিরতাকে আরো বেশী জটিল করে তুলছে।
নেতৃদ্বয় সরকারের প্রতি দেশের রাজনৈতিক দল ও সুশিল সমাজের মতামতের প্রতি গুরুত্ব দিয়ে অবিলম্বে নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানান।
ইআর





