যানজট নগরবাসীর প্রতিদিনের সমস্যা। শুধু তাই নয়, ভিআইপিরা রাস্তা ব্যবহার করলে সাধারণ জনগণকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় যানজটে আটকা পড়ে থাকতে হয়। এ সমস্যা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেই।
এবার আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আগে থেকেই ঢাকা মেট্রো পলিটন পুলিশ আজ ২২-২৩ শে অক্টোবর রাজধানীর কোন কোন সড়ক বন্ধ থাকবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা শহরে বাড়ছে মানুষ এবং যানবাহন। এমনিতেই রাজধানী যানজটে হিমসিম খায় তার উপর অতিরিক্ত যানবাহন এবং মানুষের চাপ।
সম্মেলনের কারণে আজ এবং রবিবার রাজধানী থাকবে যানজটের আদলে। কেননা, বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকার কারণে কার্যত গোটা নগরীই থমকে যাবে। এতে ভোগান্তি বাড়বে সাধারণ জনগণের।
সম্মেলনে যানজট নিয়ে কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানায়, ঢাকা শহরে প্রতিদিনেই যানজটের সাথে যুদ্ধ করে পথ চলতে হয়। এরপর আবার ভিআইপিদের কারণে মাঝেমধ্যেই রাস্তা বন্ধ করে রাখা হয় দীর্ঘ সময়।
এ প্রসঙ্গে রফিক নামের এক পথচারী বলেন, ‘সম্মেলনের কারণে দুইদিন রাজধানীর রাস্তা গাড়ি রাখার গ্যারেজে পরিণত হবে। এই দুই দিন রাস্তার বের হওয়ার থেকে না হওয়াই ভালো।’
ফার্মগেট এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজমত হোসেন নামে এক ব্যক্তি। আজ কাল রাজধানীর চিত্র কেমন হতে পারে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী দুইদিন যে জনগণের অসহনীয় কষ্ট হবে এতে কোনো সন্দেহ নেই। অতীতের অভিজ্ঞতা থেকে আগামী দুইদিন রাস্তার বের হওয়ার পরিকল্পনা নেই আমার।’
সম্মেলনের কারণে যে সব সড়ক বন্ধ থাকবে এবং যে সব সড়ক চলাচলের জন্য খোলা থাকবে-
দুইদিনের সম্মেলনের আজ অক্টোবর সকাল ৭ টা থেকে ডাইভারশন শুরু হয়েছে। এ জন্য মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট অভিমুখে কোনো গাড়ি আসবে না এবং রাসেল স্কয়ার-পান্থপথ অভিমুখে কোনো গাড়ি যাবে না। সব গাড়ি নিউমার্কেট-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-জগন্নাথ হল ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিংয়ে প্রবেশ করবে অথবা নিউমার্কেট-নীলক্ষেত-ফুলার রোড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে।
কাঁটাবন থেকে কোনো গাড়ি শাহবাগের দিকে আসবে না। কাঁটাবন থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে। টিএসসি থেকে দোয়েল চত্বর ও দোয়েল চত্বর থেকে টিএসসি কোনো গাড়ি প্রবেশ করবে না। শাহবাগ থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে কোনো গাড়ি প্রবেশ করবে না।
হাইকোর্ট থেকে দোয়েল চত্বরে গাড়িগুলো প্রবেশ করতে পারবে। তবে দোয়েল চত্বর থেকে হাইকোর্ট ক্রসিংয়ে কোনো গাড়ি যাবে না। অন্যদিকে ইউবিএল চত্বর থেকে কোনো গাড়ি কদম ফোয়ারার দিকে আসবে না।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রাস্তা উভয় দিকে বন্ধ থাকবে অর্থাৎ কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন, দুই দিকে কোনো গাড়ি আসা-যাওয়া করবে না। কাকরাইল চার্চ থেকে কাকরাইল মসজিদ অভিমুখে কোনো গাড়ি আসবে না। এ ছাড়া কার্পেট গলি, পরিবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমির গ্যাপ, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে এবং এসব স্থান থেকে ভিআইপি রোডে কোনো গাড়ি প্রবেশ করবে না। সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে কোনও গাড়ি পার্কিং করা যাবে না।
ডিএমপি থেকে আরো জানানো হয়,আজ কাল ২৩ অক্টোবর সকাল আটটা থেকে বিজয় সরণি হয়ে ভিআইপি রোডের গাড়িগুলো রূপসী বাংলা-শাহবাগ-টিএসসি হয়ে ডানে মোড় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবে।
এ সময় প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে না পৌঁছা পর্যন্ত ভিআইপি রোডে অন্য কোনো গাড়ি প্রবেশ করবে না। উত্তরার দিক থেকে মহাখালী ফ্লাইওভার হয়ে চলাচলকারী গাড়িগুলো এই উড়ালসেতুর নিচ দিয়ে মহাখালী টার্মিনাল-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি ক্রসিং-নাইটিঙ্গেল-ইউবিএল-জিরোপয়েন্ট-আবদুল গণি রোড-হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে।
এদিকে মাওয়ার দিক থেকে আসা গাড়িগুলো সদরঘাট-বাবুবাজার-গুলিস্তান-জিরো পয়েন্ট-আবদুল গণি রোড-পুরোনো হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর-ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্যস্থলে যাবে।
চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ অথবা যাত্রাবাড়ী ও কাঁচপুরের দিক থেকে আসা গাড়িগুলো মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে চানখাঁরপুল-দোয়েল চত্বর-ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্যস্থলে যাবে। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার পর ভিআইপি রোড (হেয়ার রোড-রূপসী বাংলা সোনারগাঁও-বিজয় সরণি) স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রী সম্মেলনস্থল ত্যাগ করার সম্ভাব্য দুই ঘণ্টা আগে মৎস্য ভবন, কাকরাইল চার্চ থেকে বিজয় সরণি পর্যন্ত সড়কে ডাইভারশন চলবে। এ সময় কদম ফোয়ারা দিয়ে গাড়িগুলো ইউবিএল-নাইটিঙ্গেল-কাকরাইল চার্চ-মগবাজার দিয়ে মহাখালী যেতে পারবে।
এসময় আরো বলা হয়, গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি থেকে আসা গাড়িগুলো মিরপুর রোড দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ-রাসেল স্কয়ার-সায়েন্স ল্যাব ক্রসিং-নিউমার্কেট ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-আজিমপুর ক্রসিং-পলাশী ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে।
এমবিএইচ





