মাদক ও জঙ্গিমুক্ত যশোর জেলা প্রতিষ্ঠার লক্ষ্যে আজ শুক্রবার দুপুরে বেনাপোলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজি এসএম মনিরুজ্জামান বিপিএম পিপিএম বলেছেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, পুলিশ কেউই রেহাই পাবে না।
এক সপ্তাহের মধ্যে জংগী ও মাদক ব্যবসায়ীদের পুলিশের কাছে আত্মসমর্পন করতে হবে। আগামী এক’শ দিনের মধ্যে যশোর জেলাকে মাদক ও জংগীবাদ মুক্ত করা হবে।
দুপুর সাড়ে বারো টার দিকে বেনাপোল হাই স্কুল মাঠে সমাবেশ ও গণমিছিল বের হয়। এতে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সমাজকর্মী, সাংবাদিক ও পেশাজীবীসহ সর্ব¯স্তরের মানুষ অংশ নেন।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম বিপিএম সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন ও বেনাপোল সি এন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন। অনুষ্ঠান পরিচালনা করেন।বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
পুলিশ সুপার বলেন, ইতিমধ্যে জেলার সব মাদকসেবী, মাদক বিক্রেতা ও মাদক কারবারির সহায়তাকারী এবং আড়ালে থেকে যাঁরা মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতা করেন, তাঁদের তালিকা পুলিশের কাছে এসেছে। যাচাই-বাছাই শেষে তা জেলার সব থানা ও প্রেসকাবে টাঙিয়ে দেওয়া হবে। মাদকের সঙ্গে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পুলিশ, যে-ই সংশ্লিষ্ট হোক না কেন, কেউ রেহাই পাবে না।’ সমাবেশ শেষে বিশাল মিছিল ডিআইজির নেতৃত্বে বেনাপোল বাজার প্রদক্ষিন করেন।
যশোরকে মাদক ও জঙ্গিমুক্ত করার জেলা পুলিশের ১০ ফেব্রুযারি থেকে ১০০ দিনের কর্মসূচি চলছে। ৬ ফেব্রুযারি যশোর প্রেসকাবে এক সাংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে গণমিছিল ও সমাবেশ হয়েছে।
নাছির উদ্দিন / মাহমুদ





