টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে বিষাক্ত মাছ পিরানহা। এ মাছ আমদানি, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ হলেও কর্তৃপক্ষের নজরদারী না থাকায় পিরানহা মাছ এখন প্রকাশ্যেই বিক্রি হচ্ছে।
দীর্ঘদিন ধরে এসব রাক্ষসী মাছ কিছু অসাধু ব্যবসায়ী রূপপচাঁদা মাছ বলে গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে বিক্রি করলেও বিক্রি বন্ধে সরকারি কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শাহজানী বাজার, সলিমাবাদ বাজার ও পানান বাজারে সাপ্তাহিক হাটে কিছু অসৎ ব্যবসায়ী অবাধে এসব মাছ বিক্রি করছে। অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় অসৎ ব্যবসায়ীরা অন্য মাছের পরিবর্তে পিরানহা মাছ আমদানিতে আগ্রহী হয়ে পড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ভাড়রা ইউনিয়নের শাহজানী হাটে গিয়ে দেখা গেছে, বেশকিছু ব্যবসায়ী পিরানহা মাছের পসরা সাজিয়ে বসেছে। একজনকে দেখা গেল 'রূপচাঁদা মাছ ১৬০ টাকা কেজি লইয়া যান' বলে হাঁকডাক করছেন। বাজারে বিভিন্ন প্রজাতির মাছের সমারোহ থাকলেও ক্রেতা-সাধারণ রূপচাঁদা ভেবে পিরানহা মাছের দোকানে ভিড় করছেন।
উপজেলা মৎস অফিসার আব্দুর রাজ্জাক জানান, নাগরপুর উপজেলায় মোট ১২টি ইউনিয়ন। প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে তদারকি করার মত জনবল না থাকায় দূরবর্তী হাট-বাজারে এসব ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বিষাক্ত পিরানহা মাছ বিক্রি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
ভাড়রা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, মানুষখেকো পিরানহা মাছ বাজারে বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের জানানো হয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী আড়ালে এসব মাছ বিক্রি করছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.আবু সাঈদ বলেন, পিরানহা মাছ এ উপজেলার হাট-বাজারে বিক্রি হচ্ছে এ সংক্রান্ত কোনো অভিযোগ আমি পাইনি। নিষেধ সত্ত্বেও যদি কেউ বিষাক্ত এ মাছ বিক্রি করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





