রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ এক কিশোরকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন দমকল বাহিনীর ডুবুরিরা।

মঙ্গলবার (২২ জুন) সকালে কিশোরটি পা পিছলে ওই নর্দমায় পড়ে গিয়ে নিখোঁজ হয় বলে জানিয়েছে পুলিশ।

ওই কিশোরের নাম এবং পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, ছেলেটির বয়স ১৪/ ১৫ বছর হবে।

তবে ওই কিশোরের পরিবারের কোন সদস্যকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

যে নর্দমায় ছেলেটি পড়ে গেছে, সেটি খিলগাঁওয়ের তিল্পাপাড়া এলাকার ৭ নম্বর গলিতে অবস্থিত।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুকুল আলম গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ছেলেটি ওই নর্দমার পাশে কাগজ কুড়াচ্ছিল। কাগজ কুড়ানোর কোন এক পর্যায়ে কিশোরটি পা পিছলে নর্দমায় পড়ে যায়।

তিনি বলেন, “পড়ার পর মুহূর্তের মধ্যেই ড্রেনের স্রোতে তলিয়ে যায় ছেলেটি। কাছের দোকান থেকে কয়েকজন মানুষ আসতে আসতে সে পুরোপুরি ডুবে যায়। এরপরই মানুষজন পুলিশে খবর দেয়।”

ফায়ার সার্ভিস খিলগাঁও স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ রোমি বলেন, উদ্ধারকাজে দমকল বাহিনীর ডুবুরি দল কাজ করছে।

ফায়ার সার্ভিস বলছে, এটি এক সময় খাল ছিল এবং এটি বেশ গভীর বলে তাদের ধারণা। তবে খালটি দীর্ঘ নয়। এর সঙ্গে সুয়ারেজ লাইনের সংযোগ আছে।

এমবি