নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর-রশীদ চৌধুরী জানান, ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামিদের ধরতে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল যায়।

এসময় পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে।

পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা তাকে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি ‘কানা নজরুল’ হিসেবে শনাক্ত করেন।

নিহত নজরুলের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গোলাগুলির ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) ছয় সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ধামা, তিনটি ছোরা, তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এএস